Showing posts with label Mepis Linux. Show all posts
Showing posts with label Mepis Linux. Show all posts

ল্যাপটপ রিভিউ - Toshiba LQ 300- P503

নতুন একটি ল্যাপটপ নিলাম গত ২৯ অক্টোবর, ২০০৯ এ।
ছবি
মোটামুটি মানের কনফিগারেশন বলতে পারেন।

Toshiba Satellite L300-P503
Model No: PSLBGL-02500L
Intel® Pentium® Dual-Core processor T4300 (2.1GHz, 1MB L2 Cache, 800MHz FSB) ) with Intel® 64 Architecture
No Operating System
1024MB DDR2 SDRAM expandable to 4096MB
250GB (SATA) with shock absorbers HDD
12.7mm 8x DVD-SuperMulti +-R DL(SATA)
15.4" WXGA (200NIT) Clear SuperView TFT display , resolution 1,280 x 800
Intel® Graphics Media Accelerator 4500M
Built in Web Camera, Carrying Bag, Driver CD
1-year carry-in International Limited Warranty (parts & labor), 1-year battery (carry-in)
Price: 42500/-

বাংলাদেশে তোশিবার ডিস্ট্রিবিউটর ইন্টারন্যাশনাল অফিস মেশিনস লিমিটেড। কিছুদিন আগে স্মার্ট টেকনোলজিকেও তারা ডিস্ট্রিবিউটর হিসেবে অনুমোদন দিয়েছে।

ওএস ইনস্টল

দোকানে বসে পেনড্রাইভ থেকেই মেপিস ৮.১০ ভার্সন ইনস্টল করেছি মাত্র ৬ মিনিটে। হার্ডডিস্ক পার্টিশন করতে প্রথমে ৮/১০ মিনিট লেগেছে। পুরো সিস্টেমের হার্ডওয়্যার অটো ডিটেক্ট করেছে মেপিস। শুধুমাত্র গ্রাফিক্স কার্ডে 1024 x 768 রেজুলেশনের বেশী পাওয়া যাচ্ছিল না। তাই /etc/X11/xorg.conf ফাইলের Device সেকশনে Driver এর জায়গায় Intel করে দিয়েছি। ব্যস পুরো 1,280 x 800 রেজুলেশন পাওয়া গেল।

Section "Device"
Identifier "Configured Video Device"
Driver “intel”
EndSection

গ্রাফিক্স কার্ড নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষা

আপনার মেশিনে কয়টি গ্রাফিক্স কার্ড ড্রাইভার ইনস্টলড আছে তা দেখার জন্য /usr/lib/xorg/modules/drivers / এ পাথে যান। তারপর এখানে যে কটি ফাইলের শেষে (vesa_drv.so) এ রকম _drv দেখতে পাবেন সেগুলিই ড্রাইভার। এগুলিকে পর্যায়ক্রমে উপরে বর্নিত /etc/X11/xorg.conf ফাইলে এক এক করে বদলে নিয়ে দেখতে পারেন কোনটি আপনার জন্য ভাল হবে। যেমন আমি ইন্টেল এর আরো কয়েকটি ড্রাইভার (i310, i810) দিয়ে দেখেছি কিন্তু খুব ভাল সাপোর্ট পাইনি। পরে শুধুমাত্র intel করে দিলেই সব থেকে ভাল সাপোর্ট পেয়েছি। গ্রাফিক্স কার্ডের ড্রাইভার পরিবর্তনের পর ফাইলটি সেভ করে /etc/init.d/kdm restart কমান্ড দিন তাহলে আর মেশিন রিস্টার্ট দিতে হবে না। আরেকটি কথাঃ ড্রাইভার সাপোর্ট না দিলে মেশিন কিন্তু কমান্ড প্রম্পটে চলে আসবে। না ঘাবড়িয়ে Vim বা অন্য কোন এডিটর দিয়ে ফাইলটিতে পরিবর্তন করে দিন এবং kdm রিস্টার্ট করুন। যদি খুব বেশী সমস্যা হয় তবে vesa ড্রাইভার ব্যবহার করুন।

উপরোক্ত intel ড্রাইভারের লেটেস্ট ভার্সন ইনস্টলের জন্য /etc/apt/sources.lst ফাইলে ডেবিয়ান এর কাটিং এজ ডিস্ট্রো sid এর রিপো যোগ করার পর xserver-xorg-video-intel প্যাকেজটি আপডেট করে নিয়েছি ইন্টারনেট থেকে। ফলে স্ক্রিন এর মসৃনতা আরো বেশি বেড়ে গেছে। এখন চমৎকার লাগছে স্ক্রিনের আউটপুট। মাঝে মাঝে ইন্টারনেটে গ্রাফিক্স কার্ডের ড্রাইভার চেক করে নিয়ে আপডেট করলে বেশ ভাল ফল পাওয়া যায়। যেমন আমার আগের ইন্টেল ড্রাইভার ভার্সন যেটি মেপিসে দেয়া ছিল তার ভার্সন ছিল 2.3.2-2 এখন নতুন ভার্সন আপডেট করার পর তার নম্বরটি হয়েছে 2.9.0-1 যেটি উবুন্তু কারমিকে দেয়া আছে। ভার্সন নম্বর দেখার জন্য সিনাপ্টিকের সাহায্য নিতে পারেন।

সাউন্ড


সাউন্ড কার্ড অটোমেটিকভাবেই পেয়ে গেছি। Amarok ও kmplayer দিয়ে প্রায় সবধরনের মাল্টিমিডিয়া ফাইল চালাতে পারছি।

ইন্টারনেট


কেপিপি দিয়ে ইন্টারনেট কনফিগার করতে পারিনি। ফলে বাধ্য হয়ে wvdial এবং gnome-ppp ইনস্টল করে কনফিগার করেছি।

বাংলা কি-বোর্ড

কেডিই কন্ট্রোল প্যানেল থেকে ন্যাশনাল কি-বোর্ড যোগ করে নিয়েছি। প্রায় বিজয়ের মতই লে-আউট। তাই খুব একটা অসুবিধা হচ্ছে না।

ওয়েবক্যাম

কেডিই এর জন্য তেমন ভাল কোন Webcam প্যাকেজ পাইনি তাই Cheese ইনস্টল করেছি। বেশ সাদামাটা আউটপুট। পছন্দ হচ্ছে না - তাই ভাল কোন প্যাকেজ খুজছি।

কুবুন্তু লাইভ সিডি ৮.১০ দিয়ে ও ল্যাপটপ চালিয়ে দেখেছি। খুবই চমৎকার ইন্টারফেস নতুন কেডিইর। মেশিনের পারফরম্যান্স ও ভাল ছিল কুবুন্তুতে। তবে মেপিসে সবচেয়ে ভাল লেগেছে ব্যাটারী পাওয়ার সেভিংস অপশন। এটি ল্যাপটপের জন্য সবচেয়ে জরুরী। এজন্য মেপিসই চালাবো বলে ঠিক করেছি। মেপিসে প্রায় ৩ ঘন্টার কাছাকাছি ব্যাক আপ পাওয়া যাচ্ছে। তবে অন্যান্য ডিস্ট্রোতে চালিয়ে দেখিনি। পাওয়ার কনজাম্পশন সেটিংস দেখে মনে হয়েছে মেপিস অনেক গুন এগিয়ে আছে এ দিক থেকে। এছাড়াও ওয়ারেন তার ডিস্ট্রোতে বেশ কিছু ফিচার বাড়তি যোগ করেছে যা সত্যিই চমৎকার।

মেপিস লিনাক্স(Mepis Linux)একটি চমৎকার ব্যবহার বান্ধব ডিস্ট্রো

ছবি

লিনাক্স জগতে এসে বেশ কিছু লিনাক্স ডিস্ট্রো ব্যবহারের পর ডেবিয়ান লিনাক্সের স্ট্যাবিলিটি সব থেকে ভাল লেগেছে। এজন্য অনেকদিন ধরেই ডেবিয়ান ব্যবহার করে আসছিলাম। এখন ও ডেস্কটপে ডেবিয়ান ব্যবহার করছি।

তবে ডেবিয়ানে একটি জিনিস খুব মিস করতাম। ডেবিয়ান ইনস্টলের পর নিজের পছন্দ অনুযায়ী একে সাজিয়ে গুছিয়ে একটা প্রফেশনাল লুক আনতে অনেক সময় লাগতো। তাছাড়া বিভিন্ন হার্ডওয়্যার ড্রাইভার সাপোর্ট(যদি সমস্যা দেখা দেয়), এনটিএফএস ফাইল সিস্টেম সাপোর্ট, মাল্টিমিডিয়া সাপোর্ট ইত্যাদি প্রদান করতে অনেকটা সময় ব্যয় করা লাগে। এজন্য মাঝে মাঝে অন্যান্য ডিস্ট্রো যেমনঃ উবুন্তু, ফেডোরা, স্ল্যাক্স, ড্রিম লিনাক্স, সিডাক্স ইত্যাদি ডিস্ট্রো ট্রাই করেছি। তবে একটি কারনেই বারবার ডেবিয়ানের কাছেই ফেরত এসেছি। তা হচ্ছে এর রক-সলিড সিস্টেম সাপোর্ট।

এজন্য ডেবিয়ান বেজড একটি পোলিশড, ফাইন টিউনড অপারেটিং সিস্টেমের খোঁজ করে এসেছি সবসময়। যার বৈশিষ্ট্য হবেঃ

১. ডেবিয়ান বেজড এবং ডেবিয়ান রিপো/সিডি ইত্যাদি থেকে সফটওয়্যার ইনস্টলের সুবিধা।

২. ডেবিয়ান স্ট্যাবল ভার্সন (যেমনঃ বর্তমান ডেবিয়ান লেনি) নির্ভর ডিস্ট্রো।

৩. সিস্টেমের পারফর্ম্যান্স বাড়ানোর জন্য বিভিন্ন সেটিংস এনাবল থাকা। যেমনঃ /etc/fstab ফাইলে relatime, noatime অপশন এনাবল থাকা।

৪. মাল্টিমিডিয়া ফাইল যেমন অডিও, ভিডিও চালানোর জন্য সাপোর্ট থাকা (mp3, mpeg, dat file)

৫. লাইভ সিডি বেজড হতে হবে অর্থাৎ ইনস্টল না করে সিডি থেকেই ডিস্ট্রো টেস্ট করে দেখা যাবে।

বিল গেটস এর অপারেটিং সিস্টেমে অনেক ত্রুটি থাকলেও উইন্ডোজকে বেশ ঘষে-মেজে একটি প্রফেশনাল লুক আনার পরই তা বাজারজাত করা হয়। এটি লিনাক্সের বেশিরভাগ ডিস্ট্রোতেই মনে হয় করা হয় না (আমার ব্যক্তিগত মত)। কারন সিস্টেমকে ব্যবহার উপযোগী করতে গেলে বেশ খাটুনি করতে হয় অন্ততঃ প্রথম কয়েকদিন। তবে একবার সিস্টেম মোটামুটি ব্যবহার উপযোগী হলে আর খুব একটা পরিশ্রম /টেনশন করতে হয় না। সেজন্যই অনেক দিন ধরে উইন্ডোজের মত একটি রেডিমেড ডিস্ট্রো মনে মনে চাচ্ছিলাম- যদিও উইন্ডোজে গেমস, মাল্টিমিডিয়া, বাংলা কি-বোর্ড সাপোর্ট সব কিছুই ম্যানুয়ালি করতে হয়।

এ লক্ষ্যে ডেবিয়ান নির্ভর তিনটি ডিস্ট্রো যথাক্রমেঃ ড্রিম লিনাক্স, সিডাক্স ও মেপিস লিনাক্স ব্যবহার করে দেখেছি। তিনটি ডিস্ট্রোতেই কম-বেশী উপরের বৈশিষ্ট্যগুলি রয়েছে। তবে এর মধ্যে মেপিসকে সব থেকে পোলিশড এবং টিউনড মনে হয়েছে।

এছাড়াও মেপিসে সিস্টেম সেটিংস এর জন্য বেশ কিছু কাস্টোমাইজড টুলস দেয়া আছে। যেমনঃ

  • Network Assistant: ল্যান নির্ভর ও ওয়্যারলেস নির্ভর নেটওয়ার্ক কনফিগার করার টুলস
  • System Assistant: লাইভ ইউএসবি/পেন ড্রাইভ তৈরী, করাপ্টেড পার্টিশন রিপেয়ার করার টুলস
  • User Assistant: ইউজার বা ব্যবহারকারীদের একাউন্ট ব্যবস্থাপনার টুলস
  • X-Windows Assistant: গ্রাফিক্স কার্ড এর ড্রাইভার ইনস্টল করা, মনিটর এর মডেল নির্বাচন ইত্যাদি করার টুলস

গান শোনার জন্য পাবেন Amarok player এবং মুভি, ভিডিও দেখার জন্য আছে Mplayer based Kmplayer। অফিস প্রোগ্রাম হিসেবে সব সময় লেটেস্ট ওপেন অফিস পাওয়া যায়, ব্রাউজারের জন্য ফায়ারফক্সের আপ-টু-ডেট ভার্সন দেয়া থাকে ফ্ল্যাশ প্লেয়ার ও অন্যান্য প্রয়োজনীয় এ্যাড অন সহ।
ডেবিয়ান রিপো এনাবল করে নিলে সাথে সাথেই প্রায় ২৩০০০ প্যাকেজ থেকে আপনার পছন্দের যেকোন প্যাকেজ ইনস্টল করতে পারবেন।
মেপিস লিনাক্সের প্রত্যেকটি অংশই খুব সতর্কতার সমন্বয় করা হয়েছে। গ্রাব মেনু থেকে শুরু করে লগইন স্ক্রিন, স্টার্ট মেনু, ওয়ালপেপার, থিম প্রতিটি দিকেই আছে পোলিশনেস যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে।
ছবি
চিত্রঃ গ্রাব মেনু

ছবি

চিত্রঃ লগইন স্ক্রিন

মেপিসের সাথে একটি চমৎকার টিউটোরিয়াল দেয়া আছে যা ডেস্কটপের একটি আইকন ক্লিক করেই খোলা যায়। মেনু ভিত্তিক এ টিউটোরিয়ালে খুব সংক্ষেপে লিনাক্সের অনেক খুঁটিনাটি বিষয় সহজ ভাষায় আলোচনা করা হয়েছে যা খুব কম ডিস্ট্রোতেই আছে। বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রোতে খুব বড়সড় টিউটোরিয়াল দেয়া থাকে যা থেকে তথ্য উদ্ধার করা খুবই দুরূহ নতুনদের জন্য। তাই নিঃসন্দেহে মেপিস এগিয়ে আছে এ দিক থেকে। টিউটোরিয়ালটির ওয়েব এ্যাড্রেস হচ্ছেঃ Mepis Manual । পড়ে দেখতে পারেন। আশা করি ভাল লাগবে।

ছবি

চিত্রঃ মেপিস টিউটোরিয়াল

সংক্ষেপে মেপিস লিনাক্স পরিচিতিঃ

মেপিস লিনাক্স ওয়ারেন উডফোর্ড এর নেতৃত্বে ২০০২ সালে প্রথম প্রকাশিত হয়। এটি ইউ.এস. বেজড একটি ডিস্ট্রো যার ওয়েব এড্রেস হচ্ছেঃ http://www.mepis.org। ডিস্ট্রোওয়াচে মেপিসের বর্তমান Rank হচ্ছে 15। কেডিই ডেস্কটপ এর উপর ভিত্তি করে এটি প্রকাশিত হয়। বছরে সাধারনতঃ ২/৩ বার ডিস্ট্রো আপডেট করা হয় - খানিকটা উবুন্তুর মত। বর্তমান ভার্সন নম্বর ৮.১০ এবং লেটেস্ট কেডিই ৪.৩.২ এর উপর ভিত্তি করে পরবর্তী ভার্সন ৮.৫ ছাড়ার লক্ষ্যে কাজ চলছে। মেপিসের সাইটে twitter এর মাধ্যমে ওয়ারেন সবসময় লেটেস্ট কি কাজ হচ্ছে ডিস্ট্রোর উন্নয়নে তা ঘোষনা করে থাকেন।